ময়মনসিংহ নগরীর বেসরকারি পেশেন্ট কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় গর্ভবতী নারী রেখা আক্তার ও তার গর্ভের দুই যমজ শিশুর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল সকালে দুই চিকিৎসক ও ক্লিনিক মালিকসহ ছয়জনের নামসহ পাঁচ-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন ওই নারীর স্বামী মাহবুব আলম। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় আসামিরা হলেন পেশেন্ট কেয়ার হাসপাতালের মালিক মোহাম্মদ রফিক মিয়া (৩৫), অমিত (৩০), ডা. আশরাফুল হক মোল্লা (৪০), ডা. আরিফ রব্বানী (৩১), মেহেদী (২৭) ও তারেক মিয়া (৩০)। মামলার পর আসামি ধরতে পুলিশ অভিযান চালিয়েছে। 

অভিযোগ থেকে জানা যায়, মৃত্যুর ঘটনা চাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ আরেকটি হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই হাসপাতাল মরদেহ গ্রহণ করায় আবার ফিরিয়ে আনা হয় মরদেহ। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার সকালে ওই নারীর মরদেহ নিয়ে বিক্ষোভ করেন তার স্বজনরা। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।