নাটোরে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এসময় দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা সুমন আহমেদের স্ত্রীসহ ৫ জন আহত হয়েছেন।

নিহত সুমন নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই। তিনি নাটোর ব্র্যাক ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহত সুমন আহমেদের স্ত্রী ফারিয়াতুল রিসাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে স্ত্রীসহ মাদ্রাসা মোর এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ। এ সময় বগুড়া রোডের দিক থেকে একটি ট্রাক এসে তাদেরসহ একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। ঘটনার সুমনের স্ত্রীসহ কয়েকজন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, ট্রাক চাপায় সুমন আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনা তার স্ত্রী গুরুতর আহত হন।‌ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।