ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ হলে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, এ আইন সংশোধনের কাজ সরকার এরই মধ্যে শুরু করেছে। আমরাও কাজ করব। তবে বর্তমানে কমিশন নারী সংরক্ষিত আসনের নির্বাচন প্রক্রিয়া শেষ করার দিকে মনোযোগ দিচ্ছে ইসি। এরপর আইন সংশোধনের পরবর্তী ধাপগুলো নিয়ে চিন্তা করবে।
নারী আসনের নির্বাচন নিয়ে বর্তমানে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারগুলোর আইন সংশোধন করে দলীয়ভাবে ভোটের বিধান তুলে দিয়েছে সরকার। ফলে ভোটের আগেই সে অনুসারে বিধিমালা সংশোধন করতে হবে। এরপর নির্বাচন হতে হবে।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রায় সাড়ে চার হাজার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে আগামী এক বছরে। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়ে কার্যক্রম পরিচালনা করছে সরকার।










