মাদারীপুরের ডাসারে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। আজ রোববার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার পাথুরিয়াপাড় থেকে সনমন্দি পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় এ অভিযান চালায় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ-উল-আরেফীন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের ‘বরিশাল খালের’ কোল ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে অসাধু চক্র। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। খাল দখল করে গড়ে ওঠা স্থাপনায় বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ- এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। তারপর সেনাবাহিনীর সহয়তায় উচ্ছেদ করা হয় শতাধিক দোকানপাট।
মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সাইফ-উল-আরেফীন জানান, জনস্বার্থে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে ।
তিনি আরো বলেন, এর আগে নোটিস প্রদান করা হলেও কেউ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।










