জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালিকা) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিশুদের এ পরামর্শ দেন তিনি।

বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালোবাসতেন জানিয়ে শিশুদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, তোমাদের গড়ে উঠতে হবে বঙ্গবন্ধুর আদর্শে। আমি আশা করব, তোমরা সেভাবে গড়ে উঠবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীনের জন্য অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেক ছোটবেলা থেকে তিনি বাংলাদেশের মানুষের অধিকার ও স্বাধীকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এজন্য উনাকে বহুবার জেল খাটতে হয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে আমাদের এ বাংলাদেশ স্বাধীন করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার, উপ-পরিচালক রকনুল হক প্রমুখ।