নরসিংদী কারাগার থেকে পালানো আরো এক কয়েদিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে কারাগার থেকে পালানো ১৫৬ কয়েদি আত্মসমর্পণ করেছেন। বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তারা নরসিংদী আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে গত তিনদিনে ২৯৪ জন আত্মসমর্পণ করল। এর আগে সোমবার ১০ এবং মঙ্গলবার ১২৮ জন আত্মসমর্পণ করেন।

র‌্যাব জানায়, গ্রেফতার মো. ফারুক আহমেদ আনসার আল-ইসলামের সদস্য। বুধবার সোনারগাঁ থানার প্রেমেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে নরসিংদীর মাধবদী থানার নুরালাপুরের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১-এর সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা জানান, ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলা হয়। এ সময় সেলের তালা ভেঙে দুষ্কৃতকারীরা নয় জঙ্গিসহ ৮২৬ কয়েদিকে পালিয়ে যেতে সহযোগিতা করে। এরপর থেকে র‌্যাব তাদের গ্রেফতার করতে অভিযান শুরু করে।