ময়মনসিংহের ভালুকায় উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে বিল্লাল হোসেনের পেঁপে বাগানের দুই শতাধিক গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। মঙ্গলবার রাতে কাটা হয় ওই গাছগুলো।

বাগান মালিক বিল্লাল হোসেন জানান, বুধবার দুপুরে দিকে তিনি বাগানের পরিচর্যা করতে গিয়ে দেখেন বিভিন্ন স্থানে দুই শতাধিক গাছের গোড়া কাটা রয়েছে। তার দাবি, গাছগুলো কেটে ফেলায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনাটির বিচার দাবি করছেন।

বিল্লাল আরো জানান, তার স্ত্রী একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রীর বেতন, নিজের আয়, গোয়ালের গরু বিক্রি ও অন্যের কাছে থেকে ধারদেনা করে তিনি প্রায় ১৬ কাঠা জমিতে এক হাজার পেঁপে গাছের চারা রোপণ করেছিলেন। বাগানটি করতে এরই মধ্যে তার প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। তার বাগানের গাছগুলো পেঁপে ধরতে শুরু করেছে। ধারণা ছিল বাগানের পেঁপে বিক্রি করে দেনা পরিশোধের পর আনুমানিক ১০ লাখ টাকা লাভ হবে। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলল। ভালুকা মডেল থানার ওসি মো. মাহামুদুল ইসলাম জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।