ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়৷
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩ টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদিকে নিয়ে রওয়ানা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে। তার প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হাদি।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের কঠোর সমালোচক ছিলেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর আওয়ামী সরকারের নির্বিচারে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে সরব থেকেছেন। তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের সাজার দাবিতে সবসময়ই সোচ্চার ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদী। এজন্য তিনি নিয়মিত প্রচার-প্রচারণাও চালাচ্ছিলেন।
ওসমান হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাঁড়িখালী গ্রামের প্রয়াত মাওলানা আব্দুল হাদীর ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ওসমান হাদীর বাবা আব্দুল হাদী ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ।
শৈশবে ওসমান হাদী তার বাবার কর্মস্থল নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, প্রখর বক্তা ও যুক্তিবাদী। তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।










