জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় কৌশিক হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৌশিক উপজেলার আতাইকুলা থানার গাঙ্গোহাটি গ্রামের হারুন প্রধানের ছেলে। সে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

নিহত কৌশিকের মা জাহানারা খাতুন বলেন, সকালে তার ছেলে কৌশিক বাড়ি থেকে বের হয়ে সারাদিন আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

সন্ধ্যার পরে স্থানীয় মেহগনি বাগানের মধ্যে একজনের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কৌশিকের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে পাবনা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার ও আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।