জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল বেলা সোয়া ৩টার দিকে সদর উপজেলার চুরখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ সদরের চুরখাই গ্রামে ৪০ শতক জমি নিয়ে আবুল খায়ের ও প্রতিবেশী কামাল হোসেন পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকালে বিক্রি করার জন্য আবুল খায়ের পরিবার বিরোধপূর্ণ ওই জমি মাপতে গেলে কামাল হোসেনের পরিবারের লোকজন হামলা করে। হামলায় আবুল খায়ের (৬০), তার ছেলে ফরহাদ হোসেন (২০), রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আবদুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেনকে (২০) মৃত ঘোষণা করেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘‌ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’