চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে আড়াই হাজারের বেশি ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দেয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের জুনে হাসপাতালটিতে ক্যানসার সেবাকেন্দ্র চালুর পর থেকে এ সেবা দেয়া হচ্ছে। একই সময়ে সেখানে সফলভাবে ছয়টি অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চট্টগ্রাম ও আশপাশের জেলার ক্যানসার রোগীদের উন্নত চিকিৎসার জন্য আগে ঢাকায় বা বিদেশে যেতে হত। এ সমস্যা দূর করতে ২০২৩ সালের জুনে চট্টগ্রাম অঞ্চলে প্রথম সমন্বিত ক্যানসার চিকিৎসা সেবা চালু করে এভারকেয়ার।

ক্যানসারে আক্রান্ত প্রায় ৬০ শতাংশ রোগীর চিকিৎসার কোনো না কোনো ধাপে রেডিওথেরাপির প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ রোগী সঠিক রেডিওথেরাপি নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কেন্দ্রটিতে ক্যানসারের ধরণ ও স্থান বিবেচনা করে আধুনিক প্রযুক্তির সাহায্যে চিকিৎসা পরিকল্পনা করা হয়।

প্রতিষ্ঠানটির চিকিৎসা বিভাগের পরিচালক আরিফ মাহমুদ জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ক্যানসার চিকিৎসায় দক্ষ ও সমন্বিত চিকিৎসকের দল খুবই গুরুত্বপূর্ণ। রোগীদের জন্য নিরাপদ চিকিৎসা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক সাজ্জাদ মোহাম্মাদ ইউসুফ জানান, চট্টগ্রামেই উন্নত ক্যানসার চিকিৎসার সুযোগ তৈরি করা তাদের প্রধান লক্ষ্য। আড়াই হাজারের বেশি রোগীকে রেডিওথেরাপি দিতে পারা সে লক্ষ্যেরই একটি গুরুত্বপূর্ণ অর্জন।

সংবাদ সম্মেলনে হাসপাতালের ক্যানসার বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ, ভাস্কর চক্রবর্তী, হাসনিনা আক্তার ও নয়ন ভৌমিক উপস্থিত ছিলেন।