বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’-এর চূড়ান্ত পর্ব। শনিবার (২০ ডিসেম্বর) এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ কনটেস্টে সারা দেশ থেকে ৩১৩টি দলের ৯৩৯ জন প্রোগ্রামার ৫ ঘণ্টা ধরে জটিল সব অ্যালগরিদমিক সমস্যার সমাধান করেন। বিইউবিটি ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হল এবং নির্ধারিত ল্যাবগুলোতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিন বিকালে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ সময় বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, একটি সফল ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা সম্পন্ন করতে পেরে বিইউবিটি গর্বিত। বিজয়ীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বক্তারা দেশের প্রযুক্তিখাতের উন্নয়নে তরুণ প্রজন্মের স্পৃহার প্রশংসা করেন। এবারের আয়োজনে গোল্ড স্পন্সর ছিল থেরাপ (বিডি) লিমিটেড। এ ছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং আইসিটি ডিভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে শীর্ষস্থান অধিকারী দলগুলো আগামীতে আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।