চাকরি স্থায়ীকরণ দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অস্থায়ী কর্মচারীরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, দিনভিত্তিক চুক্তি হওয়ায় যে ক’দিন কাজ করি তার ওপর আমাদের বেতন হয়। কোনো দিন অনুপস্থিত থাকলে সেদিনের বেতন কেটে রাখা হয়। দিনপ্রতি ৩৩০ টাকা মজুরিতে কাজ করে মাসিক ১০ হাজার টাকাও বেতন হয় না। বর্তমান বাজারে এ টাকায় সংসার চালানো প্রায় অসম্ভব। ফলে আমার মতো ১৭০ জন কর্মচারী মানবেতর জীবনযাপন করছে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মচারী বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত ছিলেন। এ সময় কথা বলতে গিয়ে অনেক কর্মচারী কান্নায় ভেঙে পড়েন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার ঘটনাস্থলে গিয়ে কর্মচারীদের শান্ত করে কর্মস্থলে ফেরত পাঠান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার বলেন, তাদের নিয়োগ দেয়ার মতো পদ এখন খালি নেই। আমরা ইউজিসির সঙ্গে কথা বলে নতুন পদ সৃষ্টি করে তাদের নিয়োগ দেয়ার চেষ্টা করব।
কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শরীফ মিয়া বলেন, অনেক আগে থেকেই আমরা ডেইলি বেসিসের কর্মচারীদের স্থায়ীকরণের দাবি জানাচ্ছি। ট্রেজারার মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন; ইউজিসির সঙ্গে কথা বলে দ্রুত পদ সৃষ্টি করবেন।










