চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ৩১ বাংলাদেশীকে বিজিবি'র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আজ চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারের মধ্যে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ৩১ বাংলাদেশীকে বিজিবি'র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ। তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ৩ জন শিশু ও ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।