কম খরচে আম পরিহনের জন্য গত তিন বছরের ধারাবাহিকতায় এবারো রেলওয়ে চালু করছে ম্যাংগো স্পেশাল ট্রেন। গতকল দুপুর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এ সময় মন্ত্রী বলেন, ‘আমের এলাকা চাঁপাইনবাবগঞ্জ। এখানকার আমচাষী ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে আম পরিবহনের জন্য চতুর্থবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হলো, যাতে কম খরচে সবাই আম পরিবহন করতে পারেন।’ মন্ত্রী রেলকে সাধারণের বাহন উল্লেখ করে বলেন, ‘অন্যান্য পরিবহনের ভাড়া বাড়লেও রেলের ভাড়া বাড়ানো হয়নি, রেল সাধারণ মানুষের বাহন।’ জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে ম্যাংগো ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের তিন সংসদ সদস্য জিয়াউর রহমান, আব্দুল ওদুদ ও সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, রহনপুর রেলস্টেশনে বিকাল ৪টায় আম নেয়ার পর, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এসে আম নিয়ে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ম্যাংগো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আম পাঠাতে খরচ হবে ১ টাকা ৩১ পয়সা।










