ঈদের আগে টিকিট কালোবাজারি ঠেকাতে অভিযানে নেমে রেলের অনলাইন টিকিট বিক্রির প্লাটফর্ম সহজ ডটকমের দুই কর্মীসহ নয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। চক্রটি ঈদযাত্রায় ৩ হাজার টিকিট কালোবাজারির চেষ্টায় ছিল বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গতকাল কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতদের মধ্যে মিজান ঢালী রেলের অনলাইন টিকিট বিক্রির প্লাটফর্ম সহজ ডটকমের কমলাপুর স্টেশনের অফিস সহকারী। তিনি গড়ে তুলেছেন টিকিট জালিয়াতি সিন্ডিকেট। মিজান ঢালীর ভাতিজা, সহজ ডটকমের কমলাপুর স্টেশনের অফিস সহকারী সোহেল ঢালী, সহজের স্টেশন রিপ্রেজেন্টেটিভ সবুর হাওলাদার, সহজের কমলাপুর রেলস্টেশন সার্ভার রুমের অপারেটর নিউটন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে মো. সুমন, জাহাঙ্গীর আলম, শাহজালাল হোসেন, মো. রাসেল ও জয়নাল আবেদীন নামে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টিকিট জব্দ করা হয়েছে।’