কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮ পশ্চিম) এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম সৈয়দ আলম (৪০)। গতকাল ভোরে আশ্রয়শিবিরের ই-ব্লকের ৫০ নম্বর শেডের কাছের খোলা মাঠে এ ঘটনা ঘটে।
সৈয়দ আলম ওই আশ্রয়শিবিরের ই-ব্লকের সাব ব্লক-৮-এর বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। ওই শিবিরের রোহিঙ্গা নেতাদের দাবি, পূর্বশত্রুতার জেরে সশস্ত্র একটি গোষ্ঠী সৈয়দ আলমকে হত্যা করেছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল ভোরে ৮-১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী আশ্রয়শিবিরের ঘর থেকে সৈয়দ আলমকে তুলে নিয়ে যায়। এরপর তাকে ই-ব্লকের ফাঁকা জায়গায় নিয়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
সুরতহাল প্রতিবেদন শেষে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও রোহিঙ্গা নেতাদের দেয়া তথ্যমতে, এক মাসে উখিয়ার কয়েকটি আশ্রয়শিবিরে ১০টি পৃথক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ১১ রোহিঙ্গা নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে এক শিশুসহ চার রোহিঙ্গা।










