চলতি বছরের ২৯তম ‘আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় (আইএমসি) দলগতভাবে দশম স্থান অধিকার করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের সম্মিলিত স্কোর ১৯৭ দশমিক ৮০। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় ‘ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস’ ওয়েব সাইটে এ ফল প্রকাশ করা হয়।
এর আগে ১ থেকে ৭ আগস্ট আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৫০টিরও বেশি দেশের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অনলাইন ও অফলাইন মাধ্যমে অংশগ্রহণ করে। আইএমসি বিশ্বব্যাপী আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা যা স্নাতক পর্যায়ে অধ্যয়রত বিশ্বের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক ও ব্যাকবন টেকনলোজির কারিগরি সহযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশর পাঁচ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে চারজনই প্রথম পুরষ্কার পেয়েছেন। এরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাব্বির রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেহেদী হাসান নওশেদ ও ‘কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল’ বিভাগের জুবায়ের রহমান এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অতনু রায় চৌধুরী। প্রতিযোগীতায় দ্বিতীয় পুরষ্কার অর্জনকারী আরেক শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মো. হাসান কিবরিয়া।
শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যের জন্য বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।










