মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, নারীরা যত শক্তিশালী হবে দেশ তত সামনের দিকে এগিয়ে যাবে। নারীর ক্ষমতায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। নারীদের ক্ষমতায়ন কীভাবে করতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা জানেন। শেখ হাসিনা সরকার নারীদের সামনের দিকে এগিয়ে নিয়েছেন। তার প্রমাণ বিভিন্ন দপ্তরে বড় বড় পদে আজ নারীরা কর্মরত আছেন। তিনি গতকাল পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় রাখতে পারলে দেশ বদলে যাবে। নারীদের উন্নয়নে শেখ হাসিনা সরকার নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনোদিন আপস করেননি। তার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা দেশের উন্নয়নের স্বার্থে কোনো আপস করেন না।