সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুদক। রোববার (২ মার্চ) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের জ্ঞাত আয়বহির্ভূত ৩০ কোটি ৬২ লাখ তিন হাজার ৮৩৬ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ একটি মামলা দায়ের করেন।

মো. আক্তার হোসেন বলেন, তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। তার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। তানভীর ইমামের মেয়ে মানিজে ইসমত ইমামের নামে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক ওয়াশকুরুনী।