ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের প্রায়
সাত ঘন্টা পর পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. জিহাদ মিয়া
(৭)।
স্থানীয় ইউপি সদস্য মো.আবুল বাশার ঘটনাটি
নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার (৮ জুলাই) রাতে
পৌনে ১০টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের টুনপাড়া এলাকার বাড়ির পাশের
বন্যাকবলিত গভীর পুকুর থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের মো. হেলাল
উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল
বিকাল থেকে নিখোঁজ ছিল জিহাদ। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না তাকে। পরে বাড়ির
পাশের পুকুরে অনুসন্ধানের এক পর্যায়ে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
আজ সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা
হয় জিহাদকে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোস্তাছিনুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর
করা হয়।










