চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার ক্যাম্প থেকে সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জনকে পুশ-ইন করা হয়। পরে চাঁনশিকারী বিওপির টহল দল আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০২৩ হতে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষে পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর কাছে হস্তান্তর করে, বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করেছে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভোলাহাট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।