নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

গতকাল রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, গাজী টায়ার ফ্যাক্টরিতে যেটা হয়েছে, সেটা সহিংসতার আগুন। কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, গাজী টায়ার ফ্যাক্টরির কর্ণধার সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর বিকেলে তাকে ছয়দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডের খবর পেয়ে কয়েকশত দুর্বৃত্ত গাজী টায়ার ফ্যাক্টরিতে হামলা করে লুটপাট চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ফ্যাক্টরির দ্বিতীয় তলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় তৃতীয় ও চতুর্থ তলায় অনেক শ্রমিক কর্মরত ছিল। ফলে তাদের ভাগ্যে কী ঘটেছে তা আগুন না নেভানো পর্যন্ত জানা যাবে না।

আজ সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে নয়টায় প্রতিবেদনটি লেখার সময়ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।