ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আইন বিভাগের প্রফেসর ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলকে আহ্বায়ক করে গতকাল এ কমিটি গঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে।
তদন্ত কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরীও নির্যাতিত ছাত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন।
এদিকে প্রথম বর্ষের ছাত্রীর ওপর ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ রিট করেন আইনজীবী গাজী মো. মহসীন ও আজগর হোসেন তুহিন।
ছাত্রী নির্যাতনের বিষয়ে গতকাল সকালে উপাচার্য তার অফিসে জরুরি সভা করে তদন্ত কমিটি গঠন করেন। সভায় উপাচার্য যেকোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করার কথা বলেন।
তদন্ত কমিটিতে উপরেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খানকে সদস্যসচিব করা হয়েছে। সদস্যরা হলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট ইয়াসমিন আরা সাথী ও সহকারী প্রক্টর মুর্শিদ আলম। তদন্ত কমিটির আহ্বায়ক রেবা মণ্ডল জানিয়েছেন, তারা যত দ্রুত সম্ভব কাজ শুরু করবেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত জানান, ‘ঘটনার সত্যাসত্য উদ্ঘাটন করতে আমরাও প্রশাসনকে অনুরোধ করেছি। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।’










