মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে পিকনিকের ট্রলার ডুবে লিমন হোসেন (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে আরো দুজন। গতকাল বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার কুসুন্ডায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত লিমন হোসেন সাটুরিয়া উপজেলার ধানকুরা ইউনিয়নের সাহেব আলীর ছেলে। নিখোঁজ রফিকুল ইসলাম (৩৫) একই এলাকার দানেজ আলীর ছেলে ও রাসেল (১৪) উপজেলার উত্তর কাউনার গ্রামের মৃত সেলিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে যমুনা সেতু দেখতে নৌ ভ্রমণে যান কামতাসহ আশপাশের গ্রামের ৬০ জন। ভ্রমণ শেষে ফেরার পথে কুসুণ্ডা এলাকায় বালিবোঝাই বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলার চালকসহ ৫৮ জন তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন। তীরে আসা আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।