স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) পিলখানায় সদর দফতরসহ সারা দেশে বিজিবির
সব ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক সাভার
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ
আশরাফুজ্জামান সিদ্দিকী অংশগ্রহণ করেন। এরপর বিজিবি মহাপরিচালক পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ
পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিজিবির
একটি সুসজ্জিত চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে বিজিবির বিভিন্ন
স্থাপনায় ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পিলখানায়
বিজিবি সদর দফতরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে
বিজিবি মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে যোহরের নামাজের পর পিলখানায় বিজিবি
সদর দফতরসহ সারা দেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের মসজিদে দেশ
ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি, বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদতবরণকারী
সদস্যসহ মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি এবং বিজিবির উত্তরোত্তর অগ্রগতি কামনা
করে দোয়া করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বিজিবির সব রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের
দায়িত্বপূর্ণ এলাকার ১৮ হাজার ৭০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী
বিতরণ করা হয়।
সকাল ৮ টা ৩০ থেকে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত শিশুদের জন্য বিজিবি
জাদুঘর উম্মুক্ত রাখা হয় এবং সোহরাওয়ার্দী উদ্যানে বিজিবি বাদকদল কর্তৃক বাদ্য পরিবেশন
করা হয়।
এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল-পেট্রাপোল, বাংলাবান্ধা-ফুলবাড়ী
ও আখাউড়া-আগরতলা আইসিপিতে বিজিবি-বিএসএফ কর্তৃক জমকালো ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ প্যারেড
অনুষ্ঠিত হয়।









