‘আমার দেশ’ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল যুবদল ও ছাত্রদল নেতাদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার মনিরুজ্জামান জুয়েল আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি ও উপজেলার তারাশী গ্রামের সাত্তার শেখের ছেলে।

জানা গেছে, গতকাল শুক্রবার কোটালীপাড়া থানা পুলিশ বেল্লাল শেখ (২১) নামের এক যুবকসহ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। গ্রেফতারকৃত যুবককে পুলিশ ‘যুবলীগ কর্মী’ বলে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতার বেল্লাল শেখ উপজেলার তারাকান্দর গ্রামের রবিউল শেখের ছেলে।

আহত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল একটি অনলাইন পত্রিকার প্রতিবেদনে গ্রেফতারকৃত বেল্লাল শেখকে ‘যুবলীগ কর্মী’ লেখায় কোটালীপাড়া যুবদল, ছাত্রদল নেতারা তাকে মারধর করেন। হামলাকারীদের দাবী বেল্লাল ‘ছাত্রদল নেতা’।

এদিকে, মারধরে আহত সাংবাদিক জুয়েলকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। সাংবাদিক জুয়েলের ভাই জামাল শেখ বলেন, ‘জুয়েল সাংবাদিকতা করার আগে বিমান বাহিনীতে চাকরি করতো। বর্তমানে সে অবসরে আছে। তাই তার সু-চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।’

আহত জুয়েল বলেন, ‘এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। আমি মামলার বরাত দিয়ে নিউজ করেছি। সেই অপরাধে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সামনে আমাকে মারধর করা হয়েছে। এ ঘটনার পর আমার স্বজন ও আরো কয়েকজন সহকর্মীকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিপাপত্তাহীনতায় আছি। আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই।’

সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের ওপর যুবদল, ছাত্রদলের হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনা নিয়ে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।