টাঙ্গাইলের কালিহাতী সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়া (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার বাঁশি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন নিশ্চিত করেন। তিনি জানান, চাঁন মিয়া ওই এলাকার মনতা মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গত শনিবার (৩ এপ্রিল) থেকে চাঁন মিয়া নিখোঁজ ছিলেন। এ বিষয়ে সোমবার (৫ এপ্রিল) রাতে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
চাঁন মিয়ার স্ত্রী রেজিয়া বেগমের সাথে ওই এলাকার রড মিস্ত্রি রিপনের সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে দাবি প্রতিবেশীদের। স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী বলেন, সকালে পুলিশ মরদেহ উদ্ধারের সময় ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে। ওই গৃহবধূ প্রাথমিক জিজ্ঞাসাবাাদে জানায় যে, তিনি তার স্বামীকে হত্যা করেছেন। এ কাজে তাকে সহযোগিতা করেছেন আরো তিনজন। মরদেহটি গুম করার উদ্দেশে তারা বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখেন। ওই গৃহবধূর দেয়া তথ্য অনুযায়ী হত্যার সময় ব্যবহৃত ছুরি, রক্তমাখা বালিশ ও লেপ তাদের ঘরের সিলিং থেকে উদ্ধার করে আলামত হিসেবে থানায় নিয়ে গেছে পুলিশ।
কালিহাতী থানার এসআই সিদ্দিক হোসেন বলেন, সকালে মনরদহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।










