দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ফরিদপুরে হা-মীম ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। গতকাল সকালে সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে এ প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করা হয়।
হা-মীম গ্রুপের চোয়ারম্যান মোতালেব হোসেনের উদ্যোগে স্বল্পশিক্ষিত ও উচ্চ শিক্ষিত নারী এবং পুরুষকে এখানে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন গার্মেন্টসে চাকরির নিশ্চয়তা দেয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘শত প্রতিকূলতা মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সংসদ নির্বাচন প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ ছিল। দেশী-বিদেশী চক্রান্তকারীরা যড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ ফরিদপুরের নির্বাচন। ফরিদপুরের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরি করছেন। হা-মীম গ্রুপের ট্রেনিং সেন্টার থেকে দক্ষ জনশক্তি দেশে ও বিদেশে কাজ করে দেশকে উন্নত করছে।’
এ সময় ফরিদপুর-৩ আসনের এমপি এ কে আজাদ বলেন, ‘আমার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দক্ষ জনশক্তি তৈরিতে ট্রেনিং সেন্টার চালু করেছি। এখান থেকে প্রশিক্ষণ শেষে চাকরি দিয়ে তাদের গার্মেন্টসে পাঠানো হবে। এখানে বিনামূল্যে ট্রেনিং করানো হবে। হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপসহ দেশের বিভিন্ন গার্মেন্টসে চাকরি দেয়া হবে। সে সঙ্গে টেকনিক্যাল ও ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে এসব প্রতিষ্ঠানে চাকরি দেয়া হবে।’










