মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হয়েছেন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনকারী আ ফ ম আব্দুল ফাত্তাহ। আর দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পঙ্কজ কুমার। 

গতকাল দুপুর ১২টায় জেলা শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। অনুষ্ঠান চলাকালীন তার ছোট ভায়ের মৃত্যুর সংবাদে তিনি সমাবেশস্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হন। তার অনুপস্থিতে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

পঙ্কজ কুমার কুণ্ডুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা, সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, মাগুরা-১ আসনের  সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় নেতারা সার্বিক বিষয় বিবেচনা করে আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডুকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পালন করতে নাম ঘোষণা করেন।

সম্মেলনে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সব ইউনিটের কর্মী-সমর্থকসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যোগদান করেন।

সর্বশেষ ২০১৫ সালের ৮ মার্চ মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে তত্কালীন সংসদ সদস্য সিরাজুল আকবর সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের পরদিন সংসদ সদস্য সিরাজুল আকবরের মৃত্যু হলে তানজেল হোসেন খান সভাপতির দায়িত্ব পান। দুই বছর আগে তার মৃত্যুর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন আ ফ ম আবদুল ফাত্তাহ।