বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বাবার কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় বিকাল পৌনে ৫টায় সমাধিস্থলে পৌঁছান তিনি। এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে বুলেটপ্রুফ বাসে করে রওনা হন তিনি। তার এ কর্মসূচি ঘিরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে তারেক রহমানকে এক নজর দেখতে এদিন সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানা স্লোগান দিতে দেখা যায়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাবার কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে পূর্বাচল তিনশ’ ফিট সড়কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে যান তিনি।















