নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর শোডাউন চলাকালে পিকআপ থেকে পড়ে মেহেরাজ উদ্দিন (১২) ও সংগ্রাম (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত আরো দুজন। গতকাল ইউনিয়নের মনারখিল গ্রামে মোটর শোডাউনের সময় এ ঘটনা ঘটে।

নিহত মেহেরাজ উদ্দিন ওই ইউনিয়নের রাউলদিয়া গ্রামের মো. মোহনের ছেলে। সে স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এছাড়া সংগ্রামের বাড়ি পশ্চিম ব্রহ্মপুর। সে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকাল থেকে চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণা চলছিল। ওই প্রচারণায় পিকআপ ভ্যানে চড়ে শোডাউনে অংশ নেয় মেহেরাজ, রাসেল, সংগ্রাম ও জয়নালসহ স্থানীয় ৮-১০ জন শিশু-কিশোর।

সন্ধ্যা পৌনে ৮টার দিকে ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে চলন্ত পিকআপের পেছনের ডালা খুলে পাঁচজন স্কুলছাত্র নিচে পড়ে যায়। এ সময় মেহেরাজ একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় রাসেল, সংগ্রাম ও জয়নাল। এদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায় সংগ্রাম। আহত রাসেল ও জয়নালকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলু পিকআপ থেকে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও, শোডাউনটি নির্বাচনী প্রচারণার নয় দাবি করেন। তিনি বলেন, এটি ১৬ ডিসেম্বর উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।