সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩১টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছেন বিজিবি সদস্যরা। গতকাল সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত পিলার ৭/৪৮-এস কাছ থেকে ওই স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে  জানা গেছে, একটি পাচারকারী দল বৈকারী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার করছে এমন সংবাদ পেয়ে বিজিবির বৈকারী বিওপির নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অবস্থান নেয়। এরপর দুটি মোটরসাইকেলে সেখানে আসেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মো. তুহিন (২০) ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সজীব হোসেন (২২)। এ সময় তাদের আটক ও মোটরসাইকেলে লুকিয়ে রাখা ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম।

 স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। এছাড়া বিজিবির পক্ষ থেকে আটক দুই পাচারকারীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।