গবেষণার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিকীকরণের উদ্দেশ্যে রিসার্চ সেল বা গবেষণা কেন্দ্র গঠনের উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র (জাবি) কর্তৃপক্ষ। প্রাথমিক পদক্ষেপ হিসেবে অধ্যাদেশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। উপাচার্য বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক নূরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা গবেষণায় পিছিয়ে নেই, যা সম্প্রতি বিশ্বসেরা দুই ভাগ গবেষকের তালিকায় আমাদের ছয় শিক্ষক-শিক্ষার্থীর স্থান পাওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে। তবে মানসম্মত শিক্ষা ও গবেষণার প্রাতিষ্ঠানিকীকরণ এবং র্যাংকিংয়ে আমাদের অবস্থান অধিকতর উন্নয়নে রিসার্চ সেল গঠনের উদ্যোগ নিয়েছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে খসড়া অধ্যাদেশ প্রণয়ণ কমিটি অনুমোদন দিয়েছে সিন্ডিকেট।










