খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে অংথোয়াই মারমা ওরফে আগুন (৫২) নামে ইউপিডিএফের এক নেতা নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলার দেওয়ানপাড়াসংলগ্ন মিশন টিলা এলাকার সড়ক থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত অংথোয়াই মারমা উপজেলার যৌথ খামারের বুদুংপাড়ার কংহ্লাউ মারমার ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।

নিহত আগুন প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের কালেক্টর ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গিয়েছে। তিনি দীর্ঘদিন সংগঠনের গুইমারা ইউনিটের দায়িত্ব পালন করছিলেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাত্ক্ষণিক সে তথ্য দিতে পারেননি।