সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র সাময়িক স্থগিতের পর দলের অপর নেত্রী ও যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে এ ঘোষণা দেয় সংস্থাটি। মূলত নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি বলে জানিয়েছে ইসি।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেয়ায় কমিশন আইনগতভাবে তার প্রার্থিতা বাতিল বা অযোগ্য ঘোষণা করেছে।

এদিকে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এ পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।