ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটিতে তার লাগাতে গিয়ে সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে জামাল মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মোল্লা বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরে বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগানোর কাজ পায় বরগুনার রফিকুল ইসলাম। তিনি জামাল মোল্লাকে শ্রমিক হিসেবে কাজে নেন। শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় বেলা ১১টার দিকে সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যান জামাল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি থানার এসআই নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।










