পাবনায় এক ইউপি চেয়ারম্যানের বসতবাড়ি লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএম রফিকউল্লাহর বসতবাড়ি রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে চেয়ারম্যানের সমর্থকরা গতকাল সকাল ৮টা থেকে ঢাকা-পাবনা মহাসড়কের কাশিনাথপুর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন প্রদর্শন করেছে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। পরে বেলা ১টার দিকে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।
পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএম রফিকউল্লাহ জানান, শনিবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত তার বসতবাড়ি লক্ষ্য করে ১১টি ককটেল নিক্ষেপ করে। এ সময় তিনটি শর্টগানের গুলি ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর সঙ্গে নানা বিষয় নিয়ে তার বিরোধ চলছে। শুক্রবার স্থানীয় একটি বাড়িতে দাওয়াতের অনুষ্ঠানে তাকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন সাবেক এমপি আরজু। এ ঘটনায় আমিনপুর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি করার কারণে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেছেন।
সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু অভিযোগ অস্বীকার করে জানান, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আপনাদের কাছে প্রথম জানতে পারলাম। সামনে পাবনা জেলা আওয়ামী লীগের কাউন্সিল। আমাকে হেয়প্রতিপন্ন করতে দলের মধ্যেই প্রতিপক্ষের সমর্থকরা বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।










