জয়পুরহাটে জমিজমাসংক্রান্ত ও গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে জাহের ওরফে আবু তাহের হত্যা মামলায় সহোদর দুভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামের মৃত তাছেম উদ্দীন মণ্ডলের ছেলে সেকেন্দার আলী ও শহিদুল ইসলাম এবং উলিপুর গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে বাবু মিয়া।

মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামের তাছেম উদ্দীন মণ্ডলের ছেলে জাহের ওরফে আবু তাহেরের সঙ্গে তার সহোদর দুভাই সেকেন্দার ও শহিদুলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০৭ সালের ১ মার্চ রাতে খাওয়া-দাওয়ার পর আবু তাহের তার স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে মধ্যরাতে আসামিরা তাদের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্ত্রী ও ছেলেকে বেঁধে তাহেরকে ছুরিকাঘাত মাধ্যমে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ২ মার্চ নিহতের শ্বশুর আশরাফ আলী মণ্ডল বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানিশেষে আদালত গতকাল এ রায় দেন।