মৌলভীবাজারে দুর্বৃত্তের দেয়া বিষে ১৩টি বিপন্ন প্রজাতির শকুনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে মারা গেছে কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়াল। সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামে এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, গত বুধবার বড়কাপন গ্রামের ধান কাটা জমিতে তিনটি মৃত পচে যাওয়া শকুন দেখতে পায় স্থানীয়রা। এ সময় আশপাশে মৃত অবস্থায় পাওয়া যায় কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়াল। ঘটনাস্থলেই পড়ে ছিল তিনটি ফেনথোয়েট উপাদানযুক্ত সেমকাপ নামের কিটনাশকের বোতল।

স্থানীয়রা আরো জানায়, কয়েক দিন ধরে এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। গ্রামের কয়েকটি ছাগল খেয়েছে শিয়াল। গ্রামের বুড়িকোনা মাঠে এলাকার কে বা কারা মৃত ছাগলের ওপর বিষ প্রয়োগ করে শিয়াল মারার জন‍্য পাঁচ-ছয়দিন আগে টোপ দেয়। বিষমিশ্রিত ওই মরা ছাগলের মাংস খেয়ে পশু-পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে বন বিভাগের লোকজন এলাকায় গিয়ে উপস্থিত হন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কোমার মিত্র বলেন, ‘কারা এমন নিষ্ঠুর কাজ করেছে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনা তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল মারার জন‍্য বিষ প্রয়োগে এ ঘটনা ঘটেছে।’