রাজধানীর তুরাগ থানার রাসেল হত্যা মামলার প্রধান আসামি ইমাম হাসান হূদয়কে বরগুনার দক্ষিণ গাজীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছেন র‍্যাব-৮-এর সদস্যরা। গতকাল দুপুরে  র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, রাজধানীর তুরাগ থানার বৃন্দাবন বস্তিতে রাসেল (২২) ও হূদয় (২০) একসঙ্গে বসবাস করে আসছিলেন। ছোটবেলা থেকে বন্ধু হওয়ায় দুজনের বাসায় তাদের যাতায়াত ছিল। এরই সূত্র ধরে হূদয়ের স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় হূদয় বাসায় এসে বন্ধু রাসেলকে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এ সময় রাসেলকে কিলঘুষি মারার একপর্যায়ে ছুরিকাঘাত করে হূদয়।  বাধা দিতে গেলে হূদয়ের স্ত্রীও আহত হয়। তাদের দুজনকেই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।