মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে টিনের ঘরের সিঁদ কেটে প্রবাসীর সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। উপজেলার রাউত্গাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা প্রবাসী মর্তুজ আলীর স্ত্রী লিজা বেগম ও তার তিন বছর বয়সী ছেলে মাহবুব ইসলাম মাহিন একই উপজেলার রাউত্গাঁও ইউনিয়নের কৌলা গ্রামে শ্বশুর আকবর মিয়ার বাড়িতে থাকত। মঙ্গলবার গভীর রাতে মা লিজা ও খালা তামান্নার সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু মাহিন। রাত প্রায় ৩টার দিকে ঘরের পেছনের টিনের বেড়ার নিচের মাটি খুঁড়ে কে বা কারা ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় শিশু মাহিনকে তুলে নিয়ে যায়।

মাহিনের নানি রোসনা বেগম জানান, জন্মের পর থেকে নাতিসহ মেয়ে লিজা বাবার বাড়িতে থাকতেন। মেয়ের স্বামী সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। রাতে সবাই ঘুমে ছিলাম। হঠাৎ মেয়ের চিত্কার শুনে ঘুম থেকে উঠে দেখি নাতি মাহিন ঘরে নেই। তখন দৌড়ে ঘর থেকে বের হয়ে দেখি দুজন লোক কোলে করে মাহিনকে নিয়ে দৌড়ে সিএনজিচালিত অটোরিকশায় উঠছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয়ভূষণ রায় জানান, শিশুটি অপহরণের পর থেকে উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে।

 এ ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি অপহূত শিশু মাহিনকে উদ্ধার করার পর বিস্তারিত জানা যাবে। আশা করছি দ্রুত শিশুটিকে উদ্ধার করতে পারব।