বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সিন্দুক ভেঙে ৯ লাখেরও বেশি টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের কোনো এক সময় বগুড়া সদরের শাখারিয়া-পল্লীমঙ্গল হাট এলাকায় ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকটির ওই উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, এনআরবিসি ব্যাংকের এ উপশাখায় গ্রাহকদের শুধু অ্যাকাউন্ট খোলা হয়। আর এখান থেকে বিভিন্ন ক্ষুদ্র ঋণ পরিচালনা করা হয়, যেখানে ব্যাংকের তিন কর্মকর্তা কাজ করেন। তবে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। এ উপশাখায় সিসিটিভির বিভিন্ন যন্ত্রপাতিও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ব্যাংকটির উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখে চলে যাই। পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।’
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, দুই তলাবিশিষ্ট একটি বাড়ির নিচতলায় বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ডান পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এসকেএসের অফিস ও বাড়িওয়ালা থাকেন। আর ওপরতলায় থাকে তিনটি পরিবার। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছাদের সিঁড়িঘর দিয়ে বাড়িতে প্রবেশ করেছে। পরে ব্যাংকে ঢুকে সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। ব্যাংকের এ উপশাখায় কোনো নিরাপত্তাকর্মী নেই। এমনকি পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।









