চুয়াডাঙ্গায় চার হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে আখ মাড়াই মৌসুম শুরু করেছে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ডোঙায় আখ ফেলে মাড়াই মৌসুম উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।

চিনিকল কর্তৃপক্ষ জানায়, ২০২৩-২৪ মৌসুমে কেরু অ্যান্ড কোম্পানির নিজস্ব জমিতে দণ্ডায়মান আখ আছে ১ হাজার ১৫৩ একর। সাধারণ চাষীদের রয়েছে ২ হাজার ৬৪৯ একর আখ। ২০২৩-২৪ অর্থবছরে ৫০-৫৫ মাড়াই কার্য দিবসে ৬৫ হাজার টন আখ মাড়াই করার লক্ষ্য রয়েছে। এ পরিমাণ আখ থেকে চার হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণ ৬ দশমিক ২০ ভাগ হবে বলে ধারণা করা হচ্ছে।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের বৃহত্তম চিনিকল। তবে উপজাত হিসেবে এ কারখানা থেকে মদ উৎপাদিত হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মদ বিক্রির রেকর্ড করেছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যগুলো হলো চিনি, মদ, জৈব সার, চিটাগুড় ও মণ্ড। এ শিল্প কমপ্লেক্স দীর্ঘদিন ধরে অব্যাহত লোকসান গুনে আসছিল। সরকারিভাবে চিনির দাম বাড়ানোর কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে মিলটিতে আধুনিকায়নের কাজ চলছে। লোকসান কমানোর জন্য নেয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।