নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষ্যার দড়িগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি কুয়েতে থাকতেন। ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহীদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল সকালে হরিপুর বাজারে ফেলু মিয়ার নাতি জামাই মামুন মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হন। পরে আহতদের মধ্যে তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ মামুনের বাবা আব্দুল আউয়াল মিয়া (৫৫) ও পরশ মিয়া (৪৫) নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দা গুলশানারা কবীর জানান, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন।