প্লাটিনাম জয়ন্তী তথা ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। রোববার (২৩ জুন) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সভাস্থলে আসছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভাটি বিকেল সাড়ে ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে।
বেলা একটা থেকেই ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন জায়গা থেকে একের পর এক ছোট ছোট মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থলে যাচ্ছেন।
এরমধ্যে আশুলিয়া থেকে স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলাম, কেরানীগঞ্জের সংসদ সদস্য কামরুল ইসলাম ও ঢাকা মহানগর আওয়ামী লীগ,যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন লাবলু বলেন, সমস্ত দুর্যোগে প্রতিকূলতা পার করে জননেত্রীর শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার আওয়ামী লীগ তৃণমূলকে সুসংগঠিত করেছে। ইউনিট থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের চেইন অফ কমান্ড আছে।










