মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগ এবং সাবেক উপাচার্যকে বহালের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। গতকাল রাতে শুরু হওয়া আন্দোলনে আজও বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টি প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
আজ সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ করে দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজও স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীরা 'দাবি তোলেন মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই' স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্বল্প মেয়াদে অধ্যাপক সায়েম শিক্ষা ও গবেষণবান্ধব বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিলেন। কোনো ব্যাখ্যা ছাড়া তাকে অপসারণের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। বিনা কারণে কোন অভিযোগ ছাড়াই এভাবে একজন উপাচার্যকে সরিয়ে দিতে পারে না মন্ত্রনালয়। মাত্র ৫৬ দিনে তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে যেভাবে মিশে গিয়েছিলেন কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ করেছিলেন সেখানে তাকে কী কারণে সরিয়ে দেয়া হয়েছে তার জবাব দিতে হবে। আমরা উপাচার্য স্যারকে পুনরায় চুয়েটের দায়িত্বে বহাল চাই।
বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান শিক্ষার্থী বলেন, ‘আমাদের উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েম স্যারকে পূর্ব কোনো কারণ দর্শানো ছাড়াই সরিয়ে দেয়ার প্রতিবাদে গতকাল রাত থেকেই আমাদের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আজ আমরা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্ত অগ্রিম কোন ঘোষণা ছাড়াই গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ও কুয়েট প্রো ভিসি ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে রাতেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টায় স্বাধীনতা চত্বর থেকে ছাত্র-ছাত্রীদের বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। পরবর্তীতে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ক্লাসে কেউ অংশ নেয়নি এবং প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকায় কোনো প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।










