বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) চলমান রয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) মানিকগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভূমি মন্ত্রণালয়ের বাংলাদেশ ডিজিটাল জরিপের (বিডিএস) কার্যক্রমের
ইডিএলএমএস প্রকল্প (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প)
‘মানিকগঞ্জ পৌর এলাকায় ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক কর্মশালা’টি আয়োজন করে।
কর্মশালায় ভূমি সচিব মো. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত
হয়ে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) কর্মসূচিতে কর্মরত বাংলাদেশ ও কোরিয়ার কর্মকর্তা
এবং বিডিএস অপারেশনের আওতাভুক্ত এলাকার অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।
কর্মশালায় বিডিএস অপারেশন পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা থেকে
উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জরিপ এলাকার ভূমি মালিকরা কীভাবে
বিডিএস-এর সর্বোচ্চ সুবিধা পেতে পারেন তা নিয়েও আলোচনা করা হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়
বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এবং মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী।
ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের
কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর, মাঠ পর্যায়ে কর্মরত সহকারী কমিশনার (ভূমি), উপজেলার
ম্যানেজমেন্ট সার্ভেয়ার ও উপজেলা সেটেলমেন্ট সার্ভেয়ার, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য
ব্যক্তি এবং দক্ষিণ কোরিয়া থেকে আগত প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তারা কর্মশালায়
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র গত ২৭ ফেব্রুয়ারি জোনাল সেটেলমেন্ট
অফিসার ও সেটেলমেন্ট অফিসারদের সমন্বয়ে ৫৮তম দ্বি-মাসিক সভায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে
প্রোগ্রাম/অপারেশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন
এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে গতি আনার তাগিদ দেন।
চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি করপোরেশন, মানিকগঞ্জ পৌরসভা
এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস প্রকল্পের (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল
ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে।
খুবই আরেকটি প্রকল্পের রিভিউ শেষ হলে দেশের পটুয়াখালী, বরগুনা, পাবনা, সিরাজগঞ্জ ও
গোপালগঞ্জ জেলার ৩২ উপজেলাতেও বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হবে। পর্যায়ক্রমে দুটি
প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ পরিচালনা করা হবে।










