ভারতে কাজ করতে গিয়ে আটক হওয়া ১৬ বাংলাদেশী নারী ও পুরুষকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। রোববার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর থানায় যাচাই-বাছাই শেষে তাদের সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন, মো. মোশাররফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), মোছা. ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মো. ফারজান নাবিল (৩), মোছা. রুবিনা খাতুন (২৯) এবং আল আমিন (২৬)।

এর আগে, শনিবার সন্ধ্যায় বিএসএফ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। এরপর তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম তাদের জিডি করে থানায় সোপর্দ করেন। হস্তান্তর হওয়া বাংলাদেশীদের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর ও খুলনার কয়রা এলাকার বাসিন্দারা রয়েছেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম জানান, বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

ফেরত আসা মোশাররফ হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাঁকড় বেড়ে যাওয়ায় তারা স্বেচ্ছায় বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৬ জনকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।