পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের মানুষের এখন ভালো আয় হচ্ছে। দেশে ক্ষুধা প্রায় নেই। মানুষকে আর না খেয়ে ঘুমাতে হয় না। পরিস্কার পানিও খেতে পারছে। বাংলাদেশ আর দরিদ্র নয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে মোঃ নুরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের এক সময় পরিবারের, সমাজের ও রাষ্ট্রের বোঝা মনে করা হতো। এখন আর সেই দিন নেই। প্রতিবন্ধীদের শিক্ষা থাকলে সরকারের সব দপ্তরেই চাকরির সুযোগ রয়েছে। সকল শিশুদের ভাল আচরণ ও সমান অধিকার প্রদান সবার দায়িত্ব। এদের মায়া, মমতা, শিক্ষা দিয়ে সমাজে স্থান করে দিতে হবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, একজন প্রতিমন্ত্রী অন্যায় করেছিল মানুষ তার প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সাথে সাথেই ব্যবস্থা নিয়েছেন। প্রধানমন্ত্রী চাইলেই তাকে সংসদ থেকে বের করতে পারবেন না। সংসদেও আইন আছে। আইনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










